বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার দুর্নীতি মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় এসকে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার নেপথ্য ও আইনি প্রক্রিয়া
মামলার বিবরণ থেকে জানা যায়, এসকে সুরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছিল দুদক। এসকে সুর গত ২০২৫ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের আদেশ ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে একই বছরের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুরকে গ্রেপ্তার করে দুদক, তখন থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন আদালত মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করেন।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











