নারী ও শিশু নির্যাতন দমন আইন কিংবা যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অযথা হয়রানি থেকে পুরুষদের আইনি সুরক্ষা দিতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

রিটের মূল যুক্তি ও প্রার্থনা

রিট আবেদনে বলা হয়েছে, সমাজে আইনের সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে একটি সুনির্দিষ্ট ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ থাকা প্রয়োজন। এই আইন প্রণয়ন করা হলে নারীরা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করার সুযোগ পাবে না এবং পুরুষরা অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা পাবে।

আবেদনে মূলত দুটি প্রধান বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে:

বিদ্যমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বা ‘যৌতুক আইন’-এর অপব্যবহার রোধে নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং অকার্যকর ঘোষণা করা হবে না।

পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করতে কেন ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না।

এ ছাড়া রুল শুনানি পেন্ডিং থাকা অবস্থায় পুরুষদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ জারির জন্যও আবেদন জানানো হয়েছে।

যাঁদের বিবাদী করা হয়েছে

এই রিট মামলায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

জেএস