ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ব্যাপক উপস্থিতিকে ‘বিস্ময়কর, শত্রুবিরোধী ও ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি বাবা হত্যার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সকল ইরানিদের হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

আলী খামেনির জানাজা ও দাফন পরবর্তী এক বার্তায় মোজতবা খামেনি ইরান ও ইরাকের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদসহ বিভিন্ন শহর ও গ্রামে লাখ লাখ মানুষের এই উপস্থিতি অসাধারণ সমর্থনের বহিঃপ্রকাশ এবং এটি শত্রুর পরাজয় নিশ্চিত করেছে”।

প্রয়াত নেতার আদর্শ রক্ষার অঙ্গীকার করে মোজতবা খামেনি বলেন, “শহীদ নেতা এবং ইরান ও ইরাকের যুদ্ধে নিহত সকল শহীদের হত্যার প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি এবং এই দাবি অবশ্যই পূরণ করা হবে”। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই হামলার জন্য দায়ী, তারা শান্তিতে মৃত্যুবরণ করার স্বপ্নও দেখতে পারবে না।

মোজতবা খামেনি আরও উল্লেখ করেন, এই প্রতিশোধের অঙ্গীকার কোনো নির্দিষ্ট কর্মকর্তা বা ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। কর্তৃপক্ষ থাকুক বা না থাকুক, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবেই। বিশ্বের স্বাধীনতাকামী মানুষ খুব শিগগিরই এই ঐশী দায়িত্ব পালনে ভূমিকা রাখবে।

প্রয়াত নেতাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়ে বর্তমান সর্বোচ্চ নেতা বলেন, “আমরা আপনার দেখানো পথেই অবিচল থাকব এবং আল্লাহর প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে কোনো বাধা বা কষ্টকে ভয় না পেয়ে আপনার আদর্শ রক্ষা করব”। তিনি সব শহীদদের সর্বোচ্চ মর্যাদা এবং নিপীড়িত ইরানি জাতিকে চূড়ান্ত বিজয় দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য যে, ইরানের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়াত নেতার জানাজায় ৪ কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।

জেএস