আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব দেশ থেকে

ছবি: সংগৃহীত
মহাকাশপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ আগস্ট এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডে দীর্ঘ ২৭ বছর পর ঘটতে যাওয়া এই মহাজাগতিক দৃশ্য দেখতে এখন থেকেই বিশ্বজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এমনকি অনেক স্থানে দুই বছর আগেই হোটেল বুকিং সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এর আগে ১৯৯৯ সালের ১১ আগস্ট ইউরোপের মূল ভূখণ্ডে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আর সবশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল, যা 'গ্রেট নর্থ আমেরিকান এক্লিপ্স' নামে পরিচিত ছিল।
যেসব দেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে
নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইসা) তথ্য অনুযায়ী, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল বলয় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর এবং স্পেনের ওপর দিয়ে অতিক্রম করবে। এর পাশাপাশি পর্তুগালের একটি ছোট অংশ থেকেও এই পূর্ণগ্রাস দৃশ্য দেখা যাবে।
শতভাগ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেসব এলাকার মানুষ সরাসরি উপভোগ করতে পারবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক
স্পেনের বিলবাও, জারাগোজা, ভ্যালেন্সিয়া, ওভিয়েডো, লা করুনা এবং পালমা দ্বীপ
গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল
রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল
পর্তুগালের উত্তর-পূর্ব সীমান্ত এলাকা
আংশিক ও 'সূর্যাস্ত সূর্যগ্রহণ'
পূর্ণগ্রাস পথের বাইরে উত্তর গোলার্ধের বহু অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে উত্তর ক্যারোলিনা, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বাসিন্দারা এই আংশিক গ্রহণ দেখতে পাবেন।
বিশেষ করে ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূলে যখন সূর্য ডুববে, তখনো গ্রহণ চলমান থাকায় সেখানে একটি বিরল ‘সূর্যাস্ত সূর্যগ্রহণ’ দেখার সুযোগ মিলবে। ফ্রান্সসহ উত্তর-পশ্চিম আফ্রিকার দেশগুলোতে দিগন্তে রক্তিম ও আংশিক ঢাকা পড়া সূর্যের এই দৃশ্য এক জাদুকরী পরিবেশ তৈরি করবে।
গ্রহণের স্থায়িত্ব ও পথ
আর্থস্কাই এস্ট্রোনমির প্রতিবেদন অনুযায়ী, চাঁদের মূল অন্ধকার ছায়া বা ‘আমব্রা’ পৃথিবীর ওপর প্রায় ২৯৩ কিলোমিটার প্রশস্ত পথ তৈরি করে এগিয়ে যাবে। এই গ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব হবে ২ মিনিট ১৮.২ সেকেন্ড, যা আইসল্যান্ডের পশ্চিম উপকূল থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ডেনমার্ক প্রণালিতে দেখা যাবে।
এছাড়া গ্রিনল্যান্ডের ভূমিতে এটি সর্বোচ্চ ২ মিনিট ১৬ সেকেন্ড, রেইকিয়াভিকে ১ মিনিট ৪১ সেকেন্ড এবং স্পেনের উত্তরাঞ্চলে ১ মিনিট থেকে ১ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। গ্রিনিচ মান সময় ৫টায় উত্তর মেরুর কাছাকাছি রাশিয়ার সাইবেরিয়ান উপকূল থেকে শুরু হয়ে স্পেনের উত্তরাঞ্চল ও ভূমধ্যসাগরের বালিয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মাধ্যমে এই মহাজাগতিক দৃশ্য শেষ হবে।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










