প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন, ফেলে আসা দিন কিংবা শৈশবের গল্প জানার প্রতি অনুরাগীদের আগ্রহের যেন শেষ নেই। সোশ্যাল মিডিয়ার যুগে তারকা ও ভক্তদের এই দূরত্ব এখন অনেকটাই ঘুচে গেছে। তারকারাও আজকাল তাঁদের জীবনের নানা সোনালী মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন ভক্তদের সাথে। সম্প্রতি তেমনই এক জনপ্রিয় ঢালিউড চিত্রনায়িকার ছোটবেলার একটি ছবি নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

ফেসবুকে প্রকাশ পাওয়া সেই মিষ্টি চেহারার মেয়েটি আর কেউ নন—তিনি ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এবং দর্শক নন্দিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

গত ১৩ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শৈশবের একটি দারুণ ছবি পোস্ট করেন পূর্ণিমা। ক্যাপশনে আবেগী হয়ে লেখেন, “ছোট বেলায় ফিরে যেতে চায় মন...”। ছবিটি পোস্ট করার পর থেকেই তা লুফে নিয়েছেন নেটিজেনরা। মাত্র দুদিনেই ছবিটিতে জমা পড়েছে ৫০ হাজারেরও বেশি রিয়্যাকশন এবং তিন হাজারেরও বেশি মন্তব্য।

সৌন্দর্য আর সাবলীল অভিনয়ের এক অনন্য প্যাকেজ পূর্ণিমা। ১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়ার সময়ই জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি। প্রথম ছবিতেই নায়ক রিয়াজের বিপরীতে তাঁর অভিনয় ও মিষ্টি হাসি জয় করে নেয় লাখো দর্শকের মন। এরপর ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’র মতো সিনেমায় ভিন্ন রূপে হাজির হয়ে নজর কাড়েন তিনি।

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি জুটি বেঁধেছেন মান্না, শাকিব খান, রুবেল, ফেরদৌস, কাজী মারুফ ও আরিফিন শুভর মতো প্রথম সারির নায়কদের সাথে। ২০০৩ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মতিউর রহমান পানু পরিচালিত তাঁর ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি বক্স অফিসে তুমুল সাড়া জাগিয়েছিল।

Purni

অভিনয়ের শক্তিমত্তার স্বীকৃতিস্বরূপ ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পূর্ণিমা। বড় পর্দার পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোর উপস্থাপিকা এবং বিচারক হিসেবেও তিনি সমান জনপ্রিয় ও সফল।

গত ১১ জুলাই জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে ৪৫ বছরে পা দিয়েছেন ১৯৮১ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই রূপসী কন্যা। তবে বয়সের সংখ্যাটি যেন কেবলই একটি সংখ্যা তাঁর কাছে! এই বয়সেও তাঁর চিরসবুজ রূপ আর গ্ল্যামার দেখে নেটিজেন ও অনুরাগীরা তাঁকে ভালোবেসে ডাকেন ঢালিউডের ‘ন্যাশনাল ক্রাশ’। সময় গড়ালেও ভক্তদের হৃদয়ে পূর্ণিমার আবেদন যে এতটুকু কমেনি, তা তাঁর এই শৈশবের ছবির প্রতি নেটিজেনদের ভালোবাসাই প্রমাণ করে।

ইউ