দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার অজুহাতে এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম আয়েশুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী বিভিন্ন মানের স্বর্ণের দাম:

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ২১ জুলাই সকালে বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ চব্বিশ ঘণ্টা পার না হতেই ফের বাড়ল মূল্যবান এই ধাতুর দাম।

বাজুসের অন্যান্য নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত রয়েছে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এ ছাড়া অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

জেএস