টিসিবির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডচাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার

ছবি: ডেসটিনি প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউন থেকে নয়ন (১৮) নামে এক যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহবুবুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় গোডাউনের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ডাল, তেল, চিনি ও অন্যান্য পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার সময় নয়ন গোডাউনের ওপরতলায় অবস্থান করছিলেন। ঘন ধোঁয়ার কারণে বের হতে না পেরে তিনি সেখানে আটকা পড়েন এবং শ্বাসরোধ ও দগ্ধ হয়ে মারা যান।
ফায়ার সার্ভিস ও পুলিশ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করছে।
ইউ

আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








