“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”পরিবেশ সচেতনতায় ঈশ্বরগঞ্জে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: ডেসটিনি প্রতিনিধি
পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল—“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা।”
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন এবং আনুষ্ঠানিকভাবে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বিদ্যালয় ক্যাম্পাস সবসময় পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সচেতনতা ও নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সবুজ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা খাতুন, সহকারী শিক্ষক তবারক হোসেন, বাচ্চু মিয়া এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ইউ

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।












