ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছাবেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করবেন।

দায়িত্ব গ্রহণ ও পূর্বের কর্মসূচি

গত শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর গত রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাভার থেকে ফিরে তিনি রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আবাসন ব্যবস্থা অপরিবর্তিত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে উঠছেন না; বরং স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানা গেছে।

জেএস