ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায় দুই কোটির বেশি মানুষ অংশ নিতে পারেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি নিহত হন।

মেহের নিউজের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং পবিত্র শহর কোমে আনুষ্ঠানিকভাবে তাঁর শেষযাত্রা শুরু হবে। পরে ৯ জুলাই জন্মস্থান মাশহাদে তাঁকে দাফন করা হবে।

শেষযাত্রার পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরাকের পবিত্র শহর কারবালাতেও খামেনির স্মরণে একটি শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলার সময় ৮৬ বছর বয়সী আলী খামেনি তেহরানে সরকারি প্রাসাদে অবস্থান করছিলেন। তাঁর মৃত্যুর পরপরই শেষযাত্রার পরিকল্পনা করা হলেও নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়।

এ ছাড়া ইরানের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এ কারণে তাঁদের নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ

জেএএ