ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল/ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, আটকা পর্যটক এক্সপ্রেস

ছবি: সংগৃহীত
টানা তিন দিনের অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এই রুটে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন ডুবে গেছে। এর ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী 'পর্যটক এক্সপ্রেস (৮১৬)' ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাটের আগে আটকা পড়ে। দীর্ঘ সময় ধরে মাঝপথে আটকে থাকায় ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার খাতিরেই ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে এবং লাইন চলাচলের উপযোগী ও নিরাপদ বলে নিশ্চিত হওয়া মাত্রই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
বর্তমানে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা ও যাত্রীদের স্বজনরা। দ্রুত রেললাইন থেকে পানি সরে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে—এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











