টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম/সড়ক ও বাসাবাড়িতে হাঁটুপানি, জনদুর্ভোগ চরমে

ছবি: সংগৃহীত
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা, কুয়াইশ, কাজিরহাট, হালিশহর, সুন্নিয়া মাদ্রাসা রোড ও আকমল আলী রোডের মতো এলাকাগুলোতে জলাবদ্ধতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এসব এলাকায় অনেক সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গৃহস্থালি আসবাবপত্র ও ব্যবসায়িক মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সকাল থেকে জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন। নগরীর বিভিন্ন মোড়ে দীর্ঘ যানজট দেখা দেয়। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। একই সাথে গণপরিবহন ও অটোরিকশার সংকটে অনেক কর্মজীবী নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সামান্য বৃষ্টিতেই নগরীর একই চিত্র দেখা দেয়, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
আবহওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া আমবাগান আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জেএস

চট্টগ্রাম ব্যুরো
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











