কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরার জালে ধরা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কৃষামত ফুলবাড়ি এলাকায় সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ি এলাকার মোসলেম আলীর ছেলে জেলে জাইদুল ইসলামসহ কয়েকজন জেলে সোমবার রাতে ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষা এলাকায় চায়না ডারকি জাল ফেলেন।
মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে তারা জালের মধ্যে একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পান। ধারণা করা হচ্ছে, মাছ শিকারের উদ্দেশ্যে সাপটি জালের ভেতরে ঢুকে আটকা পড়ে। পরে জেলেরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে একটি খাঁচায় নিরাপদে রাখেন।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় করেন। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী সরকার অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলে জাইদুল ইসলাম বলেন, নদীতে মাছ ধরেই তাঁর সংসার চলে। সোমবার রাতে নদীতে জাল ফেলে রেখে মঙ্গলবার সকালে তা তুলতে গিয়ে জালের মধ্যে অজগরটি দেখতে পান। পরে সাপটিকে কোনো ক্ষতি না করে উদ্ধার করে খাঁচায় রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাঁদের কাছে সাপটি হস্তান্তর করা হবে।
সাপটি দেখতে আসা গোলাম হোসেন, মোস্তফা কামাল, জসিম উদ্দিন, সেকেন্দার আলীসহ স্থানীয়রা জানান, এত বড় অজগর সাপের কথা আগে শুনলেও বাস্তবে কখনও দেখেননি। এলাকাবাসী সাপটিকে আঘাত না করে নিরাপদে সংরক্ষণ করেছেন এবং বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিয়েছেন।
উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বার্মিজ পাইথন একটি নির্বিষ ও বিপন্ন প্রজাতির সাপ। এটি মানুষের জন্য সাধারণত ক্ষতিকর নয়; বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, অনেক সময় ভুল ধারণা বা ভয়ের কারণে মানুষ এ ধরনের সাপ মেরে ফেলে, যা অত্যন্ত দুঃখজনক। চর কৃষামত ফুলবাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া অজগরটি বন বিভাগের হেফাজতে নিয়ে রংপুর চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
ইউ