নওগাঁর পত্নীতলায় ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পুইয়া গ্রামের মৃত আল হেলালের ছেলে মাহফুজুর রহমান বাঁধন (২৬), শিবপুর সরদার পাড়া গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মোঃ মমিনুর ইসলাম (২২), জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী গ্রামের মৃত খোরশেদ আলমের মেয়ে মোছাঃ রুমা খাতুন (২০) এবং পোরশা উপজেলার সুতরইল গ্রামের মৃত মামুনুর রশিদের মেয়ে মোছাঃ সাদিয়া আক্তার মায়া (১৯)।
জানা যায়,নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪ জুলাই রাতে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে তাদের ভাড়া বাসায় ডেকে নেওয়া হতো। পরে তাদের মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করা হতো। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত চক্রটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে অপরাধ করে আসছিল বলেও জানা গেছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি এ ধরনের হানিট্র্যাপ থেকে সতর্ক থাকার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
ইউ