বিশ্বকাপ ফুটবলের ব্যস্ততা শেষে ক্লাব ফুটবলে ফেরার গুঞ্জন থাকলেও ইন্টার মায়ামি ও এমএলএস অল-স্টার ম্যাচ থেকে আপাতত দূরে থাকছেন লিওনেল মেসি। আগামী বুধবার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মেক্সিকান ‘লিগা এমএক্স’ ও ‘এমএলএস’ তারকাদের এই ঐতিহ্যবাহী প্রদর্শনী ম্যাচে অংশ নিচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো এই অল-স্টার গেমে অনুপস্থিত থাকছেন তিনি।
মেসির পাশাপাশি ইন্টার মায়ামিতে তার সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দে পলকেও এই ম্যাচ থেকে ছুটি দেওয়া হয়েছে।
শাস্তির মুখে পড়তে হচ্ছে না মেসিকে
এর আগের বছর এই প্রদর্শনী ম্যাচে অংশ না নেওয়ায় এমএলএস কর্তৃপক্ষ মেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। তবে এবার তাকে কোনো ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে না।
গত ১৯ জুলাই স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলার পর বর্তমানে নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি। বিশ্বকাপ-পরবর্তী খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে মৌসুম শুরুর আগেই এমএলএস ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
সেই চুক্তি অনুযায়ী, যেসব ফুটবলার বিশ্বকাপে দীর্ঘ ভ্রমণ ও একদম ফাইনাল পর্যন্ত খেলেছেন, তাদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি ক্লাব ও সংশ্লিষ্ট খেলোয়াড়ের পারস্পরিক আলোচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এমএলএস এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই নিয়মের আওতায় যথাযথ বিশ্রামের অধিকার থাকায় মেসি ও দে পলকে এ বছরের অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মায়ামির পরবর্তী ম্যাচ ও অন্যান্য তারকারা
রোজারিওতে ছুটি কাটানোর ফাঁকে স্থানীয় ম্যাচ উপভোগ করতে দেখা গেলেও মেসি কবে নাগাদ যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামিতে যোগ দেবেন, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। আগামী শনিবার কলম্বাস ক্রুর বিরুদ্ধে এমএলএসের গুরুত্বপূর্ণ নক-আউট পর্বে মাঠে নামবে ইন্টার মায়ামি।
এদিকে মেসি ও দে পল অনুপস্থিত থাকলেও, এই অল-স্টার ম্যাচে আন্দ্রেস কুবাস, হোসে পারাদেলা এবং হুয়ান ব্রুনেত্তার মতো অন্য আর্জেন্টাইন তারকারা ঠিকই মাঠে নামবেন।
জেএস