ফরিদপুরের নগরকান্দা উপজেলা ফুলসূতী ইউনিয়নের এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ফুলসূতী বাজার এলাকায় প্রসববেদনায় আক্রান্ত হলে স্থানীয়রা মানবিক উদ্যোগে ওই নারীকে উদ্ধার করে নবজাতকসহ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতালেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
সোমবার (২৭ জুলাই) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি মা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং শিশুটিকে কোলে তুলে আদর করেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এরপর হাসপাতালে উপস্থিত হন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ। তাঁরা মা ও নবজাতকের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ রয়েছেন। তাঁদের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাঁদের সব ধরনের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”
স্থানীয়দের ভাষ্য, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফুলসূতী বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোমবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে স্থানীয়রা মানবিক উদ্যোগে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই নিরাপদে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
এদিকে মা ও নবজাতকের পরিচয় শনাক্ত, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সামাজিক ও আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইউ