অন্তর্বর্তীকালীন সরকারের গণভোট এবং চলমান রাজনৈতিক প্রসঙ্গে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, ‘গণভোট যদি অবৈধ হয়, তাহলে সেই যুক্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যেমন অবৈধ, তেমনি বিএনপি সরকারও অবৈধ।’
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।
সভায় সার্জিস আলমের বক্তব্যে উঠে আসা প্রধান বিষয়সমূহ:
দুর্নীতি ও লুটপাট: বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের ৩০ হাজার কোটি টাকার মধ্যে অন্তত ১০ হাজার কোটি টাকাই লুটপাট হয়েছে। আর এখন বিএনপি মেগা প্রকল্পের নামে সারা দেশে খাল খননের নতুন লুটপাট শুরু করেছে।’ মৃত ব্যক্তিদের নাম তালিকায় তুলে ও ড্রেজার বসিয়ে মাটি-বালি লুটপাটের অভিযোগও তোলেন তিনি।
দলীয়করণ ও স্বজনপ্রীতি: স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও শিক্ষাঙ্গনের সমালোচনা করে সার্জিস আলম বলেন, ‘লালমনিরহাটসহ সারাদেশে উন্নয়নকাজের আগে নেতাদের সঙ্গে চুক্তি করতে হয়। এছাড়া প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে হলেও বিএনপির পদধারী হতে হয়।’
মাদক ও প্রশাসন: সীমান্তবর্তী জেলাগুলোতে সুপরিকল্পিতভাবে মাদক ঢুকিয়ে তরুণ সমাজকে ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ ও কতিপয় রাজনীতিক এর পেছনে জড়িত। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রশাসনের প্রতি হুঁশিয়ারি: রাতের ভোট ও ডামি নির্বাচনের কারিগর ডিসি-এসপিদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘ভাগ্যের নির্মম পরিহাসে আজ তাদের অনেকের চাকরি পর্যন্ত নেই।’
তরুণ প্রজন্মকে পরিবর্তনের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি প্রবীণদের পরামর্শ ও সাহস নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জেএস