ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলে নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ হারের পর তীব্র সমালোচনার মুখে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
গুঞ্জন থেকে পরিবর্তনের পথে বিসিবি
গত কিছুদিন ধরেই মিরাজের অধিনায়কত্ব নিয়ে ক্রিকেটপাড়ায় নানা গুঞ্জন চলছিল। জিম্বাবুয়ের কাছে দল হেরে যাওয়ার পর সেই সমালোচনা আরও তীব্র হয়। বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক থাকলেও, সীমিত ওভারের নেতৃত্ব ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুরুতে নাজমুল হোসেন শান্তকে পুনরায় ওয়ানডে অধিনায়ক করার জোরালো গুঞ্জন থাকলেও, লাল বল ও সাদা বলের নেতৃত্ব আলাদা রাখার কৌশলগত কারণে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের হটসিটের জন্য উপযুক্ত মনে করা হচ্ছে।
বোর্ডে আজই চূড়ান্ত সিদ্ধান্ত
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিসিবির একটি গুরুত্বপূর্ণ বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের পরিচালকদের এই বৈঠকে অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে এবং সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এদিকে, টি-টোয়েন্টি দলের মতো ওয়ানডে দিস থেকেও লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। এর আগে লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের অধিনায়কত্বেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। আজকের বোর্ড সভার পরই পরিষ্কার হয়ে যাবে টাইগারদের ওয়ানডে দলের নতুন সেনাপতির নাম।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











