নিষেধাজ্ঞার কারণে সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না নেইমার

ছবি: সংগৃহীত
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে ফেরার পর পরই ধাক্কা খেলেন নেইমার জুনিয়র। সিরি আ'র ২২তম রাউন্ডে অ্যাথলেটিকো-পারানায়েন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।
গত শনিবার (২৬ জুলাই) ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে মৌসুমের তৃতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। আগামী ৯ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় ঘরের মাঠে অ্যাথলেটিকো-পারানায়েন্সের মুখোমুখি হবে সান্তোস, যেখানে দর্শক হিসেবেই কাটাতে হবে নেইমারকে।
যে কারণে শাস্তি
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হন নেইমার। এরপর রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তেজনাকর পরিস্থিতিতে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন।
উল্লেখ্য, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে গত ১৭ জুলাই ক্লাব সান্তোসের অনুশীলনে ফেরেন নেইমার। শাপেকোয়েন্সের ম্যাচটি ছিল বিশ্বকাপ-পরবর্তী সময়ে সান্তোসের জার্সিতে তার প্রথম ম্যাচ।
কোপা সুদামেরিকানার লড়াই
সিরি আ'র এই ম্যাচটির আগে সান্তোসের মূল মনোযোগ এখন মহাদেশীয় টুর্নামেন্ট কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্লে-অফের দিকে। মঙ্গলবার ভিলা বেলমিরোতেই ভেনেজুয়েলার দল ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে সান্তোস। এর আগে প্রথম লেগে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পাওয়ায় টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে ওঠার পথে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











