কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা, সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে বাংলাদেশও

ছবি: সংগৃহীত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে। সেই ম্যাচ আয়োজনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ চলাকালেই ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে সিবিএফের প্রাথমিক আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে তাদের বিপুল আগ্রহ সিবিএফের নজর কাড়ে। এর পর থেকেই ভারতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা এগোতে থাকে।
সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের শুরুতে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
তৃতীয় ম্যাচটির জন্য ভারতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। ভারত ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে কেবল ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে।
কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে। এর আগে ১৯৭৭ সালে ব্রাজিলের কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন, যা ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা।
অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হয়েছে হতাশাজনকভাবে। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটি ছিল তাদের দ্রুততম বিদায়।
তবে টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি চারটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও দলকে এগিয়ে নিতে পারেননি। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্যর্থতার হতাশা কাটিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করতেই প্রীতি ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ব্রাজিল।
ইউ

স্পোর্টস ডেস্ক
© 2026 Daily Destiny. All rights reserved.











