ব্রাজিল ফুটবল ইতিহাসের অভিজাত এক তালিকায় নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে দুই গোল করেন ভিনিসিয়ুস। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও তিনি গোল করেছিলেন।

এই অর্জনের মাধ্যমে তিনি যোগ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তিদের এক বিশেষ তালিকায়। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে রোনালদো নাজারিও ও রিভালদো গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। ওই আসরেই ব্রাজিল বিশ্বকাপ জেতে।

এর আগে ১৯৭০ সালে জাইরজিনহো এবং ১৯৯৪ সালে রোমারিও একই কীর্তি গড়েছিলেন—যে দুটি আসরেও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল।

এখন ভিনিসিয়ুস জুনিয়রের এই পারফরম্যান্স ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে—তাহলে কি ইতিহাস আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছে? সমর্থকদের অনেকেই আশা করছেন, এই ধারা ধরে রেখে ব্রাজিল আবারও বিশ্বকাপ শিরোপা জিততে পারে।

এইচএমজে