বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিহবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত
হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্দিষ্ট স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সংঘর্ষ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারা কার্যকর করতে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে এনসিপি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। ঠিক একই সময়ে বিএনপির পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করায় শহরজুড়ে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারির এই সিদ্ধান্ত গ্রহণ করে।
জেএস

হবিগঞ্জ প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










