হবিগঞ্জে গাড়িবহরে হামলার প্রতিবাদদেশব্যাপী আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে আজ বুধবার (২৯ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার দলের দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এই অতর্কিত হামলায় দলটির কয়েকজন নেতাকর্মী ছাড়াও বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। তবে এই হামলার ঘটনার বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে দেশজুড়ে বিক্ষোভের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে স্ব স্ব এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচিটি সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে দলটি।
জেএস

ডেসটিনি ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










