‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছে বলেই আপনারা আজ ক্ষমতার চেয়ারে’: হাসনাত আবদুল্লাহ

ফাইল ছবি
শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ ও ‘মাদকাসক্ত’ বলে সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনারা আজ মন্ত্রী ও বড় বড় পদে বসেছেন। শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন, কারণ আপনাদের সন্তানরা তো দেশে পড়াশোনা করে না, বিদেশে থাকে।”
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী যেখানেই যান নকল প্রতিরোধের কথা বলেন, কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটুসমান পানিতে পরীক্ষা দিতে বাধ্য করা এবং প্রশ্নপত্রে ভুল রাখা—এসব কার দায়? শিক্ষার্থীদের কষ্টের সময় দুঃখ প্রকাশের বদলে তাদের অপমান করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সংবিধান নিয়ে দম্ভ করেছেন। তিনি বলেন, “সংবিধান অনুযায়ী আপনাদের তো লন্ডনে বা শিলংয়ে থাকার কথা ছিল। ছাত্র-জনতা রাস্তায় নেমে আপনাদের সেই সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ সেট করেছে।”
সোনারগাঁয়ে স্থানীয় এমপির ছেলের চাঁদাবাজির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, “বাপ এমপি, আর ছেলে চাঁদাবাজির দায়ে থানায় মুচলেকা দেয়। এই চাঁদাবাজির রাজনীতি আর চলবে না।”
তিনি আরও অভিযোগ করেন, সারা দেশে গ্যাসের হাহাকার থাকলেও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিছু কারখানা অবৈধ সংযোগ নিয়ে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের মতো বড় কোম্পানিগুলো জমি দখল করছে এবং কিছু মিডিয়া তাদের পক্ষে কাজ করছে বলে তিনি অভিযোগ তোলেন।
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সাত দিন ধরে মানুষ পানিবন্দি থাকলেও পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছায়নি। সরকার ও প্রশাসনের উদাসীনতায় সাধারণ মানুষ চরম কষ্টে আছে।
পথসভায় হাসনাত আবদুল্লাহ এনসিপির পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, পৌরসভা মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে সমর্থন জানান তিনি।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলীসহ স্থানীয় নেতারা।
হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হাসিনার পতন হতে ১৭ বছর লেগেছে। কিন্তু প্রতি বছর জুলাই আসে না। যখন জুলাই আসে, তখন পালানোর জায়গা পাওয়া যায় না। তাই চাঁদাবাজি ও অপকর্মের পথ থেকে সরে আসুন।”
জেএস

Narayangonj Correspondent
© 2026 Daily Destiny. All rights reserved.









