অর্থবছর জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব ডা. শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত
দেশের প্রচলিত জুলাই-জুন ভিত্তিক অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান জুলাই-জুন অর্থবছরের কারণে বছরের শেষ দিকে, বিশেষ করে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়, উন্নয়নকাজ দ্রুত শেষ করার চাপ তৈরি হয়। এতে অর্থবছরের প্রথম ১০ মাসে তুলনামূলক কম কাজ হলেও শেষ সময়ে তাড়াহুড়ো করে প্রকল্প বাস্তবায়নের ফলে অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশে ক্যালেন্ডার ইয়ারভিত্তিক অর্থবছর, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা যেতে পারে। এতে উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে বাস্তবায়ন সম্ভব হবে এবং অপচয় কমবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাজেট জাতীয় সংসদে পাস হলেও এর বাস্তবায়নের দায়িত্ব মূলত সরকারের নির্বাহী বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বর্তায়। তাই জনগণের অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর শুরু হয় প্রতি বছরের ১ জুলাই এবং শেষ হয় পরবর্তী বছরের ৩০ জুন। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।
জেএএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






