বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমালো বিইআরসি

ছবি: সংগৃহীত
জুলাই মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৩০ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য ১ জুলাই রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ফার্নেস অয়েলের খুচরা মূল্য প্রতি লিটার ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেল ও কেরোসিনের দাম আগের মতোই বহাল রাখা হয়েছে।
এর আগে সর্বশেষ মে মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল। এবার আন্তর্জাতিক জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিবেচনায় এনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এই জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), বিভিন্ন শিল্প-কারখানা এবং অন্যান্য গ্রাহকের কাছে ফার্নেস অয়েল সরবরাহ করে।
ফলে নতুন মূল্য কার্যকর হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জ্বালানি খাতের সংশ্লিষ্টদের মতে, ফার্নেস অয়েলের মূল্য হ্রাস বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হতে পারে। যদিও এর প্রভাব বিদ্যুতের খুচরা দরে তাৎক্ষণিকভাবে পড়বে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






