বিশ্বজুড়ে এখন চলছে ফুটবল বিশ্বকাপের মহোৎসব। মাঠের খেলার উত্তাপ ছাপিয়ে ফুটবল তারকাদের ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতো।

সম্পর্কের গুঞ্জন কেন জোরালো?

চলতি বছরের শুরু থেকেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছে। এপ্রিল মাসে প্যারিসে তাদের একসঙ্গে নৈশভোজ করতে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের নজর পড়ে এই জুটির দিকে। এরপর এমবাপ্পের ইনজুরির সময় ইতালির সার্ডিনিয়া এবং বিশ্বকাপের ঠিক আগে স্পেনের ইবিজাতে তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। সম্প্রতি এস্টারের ইনস্টাগ্রাম পোস্টে এমবাপ্পের একটি হার্ট ইমোজি মন্তব্যও ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে, যা তাদের সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা।

কে এই এস্টার এক্সপোসিতো?

২০০০ সালের ২৬ জানুয়ারি মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার স্পেনের শোবিজের অন্যতম পরিচিত মুখ। ২০১৮ সালে নেটফ্লিক্সের সাড়া জাগানো স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বড় পর্দার ‘ভেনাস’ এবং ‘লস্ট ইন দ্য নাইট’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ইনস্টাগ্রামে ২ কোটি ৪০ লাখেরও বেশি অনুসারী থাকা এস্টার ফ্যাশন জগতেও দারুণ জনপ্রিয়।

কী বলছেন তারকারা?

সম্পর্কের বিষয়টি নিয়ে এমবাপ্পে বরাবরই নীরব থেকেছেন। অন্যদিকে এস্টার এক্সপোসিতো এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি নন। এক সাক্ষাৎকারে তিনি বিনয়ের সঙ্গে এড়িয়ে গিয়ে বলেন, “এ বিষয়ে আমি কিছু বলব না, তবে আমি ভালো আছি।”

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে গোল করে এমবাপ্পে যখন মাঠ কাঁপাচ্ছেন, তখন মাঠের বাইরে তার এবং এস্টারের এই ‘রহস্যময়’ রসায়ন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কি নিছক বন্ধুত্ব নাকি প্রেমের সম্পর্ক—সেটা সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন এই দুই তারকা।

জেএস