করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
করমুক্ত আয়সীমা বর্তমান প্রস্তাবের চেয়ে বাড়িয়ে ৪ লাখ টাকা করার জন্য অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করের হার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেন তিনি।
এ ছাড়া সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের সুপারিশ করেন প্রধানমন্ত্রী।
বাজেট পাস হলে হার্টের রিং এবং চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী এবারের জাতীয় বাজেটকে ‘জীবনবান্ধব’ আখ্যা দিয়ে বলেন, সরকার সাধারণ মানুষকে স্বস্তি দিতে কাজ করছে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের ফলে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতে অর্থপাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। বর্তমানে অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






