সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।
রোববার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর আয়োজনে জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা এই মধ্যাহ্নভোজে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন সদস্য অংশ নেন।
তিনি আরও জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান।
উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করে, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেয় এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে।
সূত্র: বাসস
জেএএ

online desk
© 2026 Daily Destiny. All rights reserved.






