সারাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময় পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট ৭১২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন। এর মধ্যে ১১৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৫ শিশু।

এজেএ