প্রধানমন্ত্রীর নির্দেশে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা

ছবি: সংগৃহীত
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের নির্দেশ দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার ওই স্কুলটি যেন জাতীয়করণ করা হয়। আজ সংসদে তিনি এ-সংক্রান্ত স্লিপ পাঠিয়েছেন।”
উল্লেখ্য, বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে শিক্ষার আলো পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী সংগ্রাম চালিয়ে আসছেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং। জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি ২০২০ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বামং খিয়াং।
বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতন পরিশোধে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে অতিরিক্ত আয় করেন প্রধান শিক্ষক বামং খিয়াং। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।
জেএএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






