তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এ্যানি

ছবি: সংগৃহীত
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা পাওয়া গেছে।
২৮ জুন (রোববার) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, নদীভাঙন, পানির সংকট ও বন্যা দেশের লাখো মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি করছে। বিশেষ করে তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ নদীভাঙনপ্রবণ এলাকায় বসবাসকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
চীনের সঙ্গে সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সফরে চীনের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় তিস্তা প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেশটি বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বিশেষজ্ঞ দল গঠন ও সমীক্ষা শুরু হয়েছে।
এছাড়া তিনি জানান, উত্তরাঞ্চলের সেচ ও কৃষি উন্নয়নের জন্য পদ্মা নদী ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন, নৌ-যোগাযোগ ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নদীভাঙন প্রতিরোধ, খাল পুনঃখনন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকারের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






