বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব

ছবি: সংগৃহীত
বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা সরকারি কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
তার দাবি, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬–২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে বিত্তবৈভবের অশালীন প্রদর্শনের মাধ্যমে বিপুল অর্থের অপচয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয় এবং এসব আয়োজনে ব্যাপক অর্থ ব্যয় করা হয়।
তিনি বলেন, অনেক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিলেও পরিবেশিত খাবারের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়, যা অপচয়ের অন্যতম কারণ।
অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই অভিজ্ঞতার আলোকে তিনি প্রস্তাব করেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি কর নির্ধারণ করা হোক।
এইচএমজে

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






