‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই এগোচ্ছি, সব অর্জন দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সামনে রেখেই কাজ করছে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিদেশ সফর বা অন্য যেকোনো ইতিবাচক অর্জন ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সরকার ও সংসদ সদস্যদের তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। তাই তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, তাদের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি।
তিনি আরও বলেন, “এই সফরের মাধ্যমে যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি আমার ব্যক্তিগত অর্জন নয়; সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।”
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সমর্থন ও উৎসাহ দেওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের স্বার্থে সবাই ইতিবাচক মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করলে জাতীয় উন্নয়ন আরও বেগবান হবে।
এর আগে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ওপর ধন্যবাদ প্রস্তাব সংসদে কণ্ঠভোটে গৃহীত হয়। আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এজেএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






