পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছেছেন। শনিবার (২৭ জুন) ভোর ৩টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৩ হাজার ৮৩৮ জন।

ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি, সৌদি এয়ারলাইন্সের ৬৩টি এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইট।

এদিকে, চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১১ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

এইচএমজে