রোহিঙ্গা সংকটের সমাধানের পথ খুলবে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধানে সামনে ইতিবাচক অগ্রগতির পথ তৈরি হবে বলে তিনি আশাবাদী। শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "রোহিঙ্গা প্রসঙ্গে চীন আমাদের জানিয়েছে, তারা বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষকে সহায়তা করবে, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়।"
রোহিঙ্গা সংকটে সংশ্লিষ্ট পক্ষগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, "এখানে মিয়ানমার, বর্তমানে রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মি, বাংলাদেশ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা—সবাই গুরুত্বপূর্ণ পক্ষ।"
ড. খলিলুর রহমান আরও বলেন, "প্রধানমন্ত্রী আমাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান—উভয়েই আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এর বেশি বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমাদের যোগাযোগ রয়েছে।"
তিনি বলেন, "বর্তমান সরকার যে জনসমর্থন ও শক্তি নিয়ে কাজ করছে, তাতে আমি বিশ্বাস করি, আগামী দিনে এই সমস্যার সমাধানের একটি পথ দেখতে পাব। আপনারা মনে রাখবেন, অতীতে বিএনপি সরকারের সময়ও দুবার রোহিঙ্গা সংকটের সমাধান হয়েছে। আমরা বিশ্বাস করি, এবারও এই সংকটের সমাধান সম্ভব হবে।"
জেএএ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






