শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানাবলেই তাকে গুলশান থেকে আটক করা হয়।
এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দিতে যান লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি।
লতিফ সিদ্দিকী সাংবাদিকদের আরও বলেন, "আজ সকালবেলা আমাকে জানানো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেਸ਼ের মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আত্মগোপন করি না, সব সময় আত্মপ্রকাশ করতে চাই। তাই আজ আদালতে এসেছি। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তবে আগামী রোববার বা সোমবার নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করব।"
তবে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সেই সুযোগ পাওয়ার আগেই বুধবার গুলশানের বাসা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
এই মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










