রাজধানীর গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন ফের পিছিয়েছে। আদালত শুনানির পরবর্তী তারিখ আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।

রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে এই মামলায় জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষ থেকে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল এই মামলা করে দুদক।

মামলার প্রাথমিক আসামি ছিলেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

গত বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তাঁর অংশের তদন্ত ৩ মাসের জন্য স্থগিত করেন।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক।

আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। আসামিরা সে সময় আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আসামিদের আদালতে হাজির হতে সরকারিভাবে (বিজি প্রেস) গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন এবং মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ বদলি করেন।

অবশেষে আজ আবারও আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠনের প্রক্রিয়াটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল।

ইউ