প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতেই এই সফর অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন,
“আমার মনে হয়, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের দিক থেকে আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতেই এটি ঘটবে।”
তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই এই সফরের জন্য অপেক্ষা করছি।”
উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট অতিক্রম করে তিনি সড়কপথে ঢাকায় এসে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।
ভারতীয় হাইকমিশনারের এই বক্তব্যকে ঢাকা-দিল্লি সম্পর্কের চলমান কূটনৈতিক যোগাযোগের একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ বা ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










