শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত
জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের পরপরই দেশটির কর্তৃপক্ষ উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে। একই সঙ্গে উপকূলের নিম্নাঞ্চলে বসবাসকারীদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র দ্রুত নিরূপণের নির্দেশ দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে এটি জাপানে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। এর আগে গত ২৫ জুন দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে সে সময় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











