বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ছয় সপ্তাহে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দেড় শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে গত ছয় সপ্তাহের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ডে তেলের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ। এর আগের সেশনেও এর দাম ৩ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র-ইরান হামলা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মার্কিন সামরিক বাহিনী ইরানে টানা ১২তম রাতের মতো হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে যেকোনো হামলার জবাবে ইরানি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
হরমুজ প্রণালিতে উত্তেজনা: ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে বিস্ফোরণে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। প্রণারিটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ইরানের সমন্বয় ছাড়া কোনো ট্যাংকারকে চলাচল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
লোহিত সাগরে হুতিদের হুমকি ও হামলা: ইয়েমেনের হুতিরা বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি তেলবাহী নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। লোহিত সাগরে সৌদির পতাকাযুক্ত ‘এনসেলিয়া’ নামের একটি ট্যাংকার আক্রান্ত হয়েছে বলে সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদনে জানানো হয়েছে। হুতিদের সতর্কবার্তার মুখে বেশ কিছু জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের তেলের মজুত বৃদ্ধি: বৈশ্বিক অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, রিফাইনারি কার্যক্রম হ্রাস ও আমদানি বৃদ্ধির ফলে গত সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত ২০ লাখ ব্যারেল বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে চলমান এই সংঘাত পারস্য উপসাগর ছাড়িয়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.











