দিল্লিতে সংঘর্ষ ও ইন্টারনেট বন্ধ, আহত ৫ পুলিশ

ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) চলমান আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে আবারও ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সংসদ মার্গ এলাকায় আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ছোড়া পাথরে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে আহত পাঁচ পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন দুজন এসিপি, একজন পরিদর্শক (ইনস্পেক্টর), একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল।
সংঘর্ষ ও টিয়ারশেল নিক্ষেপ: জন্তর মন্তরের মূল আন্দোলনস্থল শান্ত থাকলেও সংসদ মার্গে সংঘাত ছড়িয়ে পড়ে। পার্ক হোটেলের কাছে জনতা বেপরোয়া হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন এবং কনট প্লেটের প্রধান রেডিয়াল রোড ধরে পুলিশকে তাড়া করেন।
নিরাপত্তা জোরদার: জনপথের কাছে টলস্টয় মার্গ প্রবেশপথ থেকে এনডিএমসি কনভেনশন সেন্টার পর্যন্ত কিছু সময় নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি দেখা দিলেও, পরবর্তীতে সেখানে যুদ্ধসাজে সজ্জিত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়।
ইন্টারনেট পরিষেবা স্থগিত: চলমান আন্দোলন ও সহিংসতা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাঙ্গাত্মক মিম ও রিলসের মাধ্যমে এই আন্দোলন আরও বেশি গতি পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.











