ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, ২৪ জুলাই মাদানী এভিনিউতে কনসার্ট

ছবি: সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার এই ঢাকা সফরকে ঘিরে দেশের গানপাগল ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি ঢাকায় পৌঁছান। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই (শুক্রবার) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক এই কনসার্ট।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, নির্ধারিত তারিখ ও সময়েই এই জমকালো সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ছাড়াও ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয় এই তারকা শিল্পী বলিউডে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের এই পরিবেশনা বছরের অন্যতম সেরা ও স্মরণীয় কনসার্টে পরিণত হবে।
জেএস

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.












