ঘনিষ্ঠ দৃশ্যে ‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা? নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত
প্রায় এক দশক আগের একটি সিনেমার দৃশ্য ঘিরে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিভলভার রানি’ সিনেমায় অভিনেতা-কমেডিয়ান বীর দাসের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল।
সম্প্রতি ওই দৃশ্য নিয়ে এক সাংবাদিকের করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সাংবাদিক সিমি চান্দোক সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে দাবি করেন, সিনেমাটির একটি চুম্বন দৃশ্যের শুটিং চলাকালে পরিচালক ‘কাট’ বলার পরও কঙ্গনা নাকি বীর দাসকে চুম্বন করা চালিয়ে যান। তার দাবি অনুযায়ী, এতে বীর দাসের ঠোঁটে আঘাত লাগে এবং রক্তও বের হয়।
পডকাস্টে তিনি আরও বলেন, ওই ঘটনার সময় বীর দাসকে তিনি ভবিষ্যতে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চান এবং সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন।
তবে এই অভিযোগ কেবল সিমি চান্দোকের ব্যক্তিগত বক্তব্যের ভিত্তিতে করা হয়েছে। এ বিষয়ে স্বাধীন কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। কঙ্গনা রানাউত বা বীর দাস—কেউই নতুন করে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, বিষয়টি নতুন নয়। ২০২৩ সালেও একই ধরনের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান কঙ্গনা রানাউত। তিনি লেখেন, “হৃতিক রোশনের পর এবার নাকি বেচারা বীর দাসেরও মানহানি করলাম? এটা আবার কবে হলো?”
তার ওই প্রতিক্রিয়াকে তখন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রসিকতার সুরে উড়িয়ে দেওয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হয়েছিল।
কর্মজীবনে কঙ্গনা রানাউতকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্যবিধাতা’ সিনেমায়, যা ১২ জুন মুক্তি পায়। ২০০৮ সালের মুম্বাইয়ের ২৬/১১ হামলার সময় কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতালের কর্মীদের সাহসিকতার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে তিনি অভিনয় করেন।
অন্যদিকে বীর দাস সম্প্রতি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছেন।
এজেএ

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.






