কফিশপে টেবিল পরিষ্কার থেকে বলিউড তারকা বিক্রান্ত ম্যাসি

ছবি: সংগৃহীত
বলিউডের সমসাময়িক সময়ের প্রশংসিত অভিনেতাদের একজন বিক্রান্ত ম্যাসি। ‘মির্জাপুর’ সিরিজ এবং ‘টুয়েলভথ ফেইল’ সিনেমার মাধ্যমে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেতা। তবে এই সাফল্যের আগে তার জীবনের শুরুটা ছিল চরম সংগ্রামের মধ্যে।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অতীত জীবনের স্মৃতিচারণ করেন বিক্রান্ত ম্যাসি। সেখানে তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজ শুরু করেন। পড়াশোনার খরচ চালানো এবং পরিবারকে সহায়তা করতে কফিশপে টেবিল পরিষ্কার করার মতো কাজও করেছেন তিনি।
বিক্রান্ত বলেন, “আমাদের জীবনে স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। ১৬ বছর বয়সে কাজ শুরু করি। তখনকার বয়সে সাধারণত কেউ পড়াশোনা ছেড়ে এভাবে কাজ করে না। কিন্তু আমাকে করতে হয়েছে—নিজের পড়াশোনার খরচ চালাতে এবং পরিবারকে সাহায্য করতে।”
তিনি আরও বলেন, “আজ ফিরে তাকালে মনে হয়, সেই সময়টা না থাকলে আমি আজকের আমি হতে পারতাম না।”
নিজের প্রথম বাড়ি কেনার স্মৃতিও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ২৪ বছর বয়সে একটি ছোট্ট বাড়ি কিনে মায়ের একটি বড় স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন।
বিক্রান্ত বলেন, “আমার মা সবসময় বলতেন, অন্তত নিজের একটা বাড়ি থাকা দরকার, যেখানে ফিরে আসা যায়।”
শৈশব ও তারুণ্যের সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি জানান, কাজের কারণে অনেক সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার সুযোগও পাননি।
তিনি বলেন, “বন্ধুরা মাঠে খেলত, আমি কাজের জন্য বের হতাম। তারা ডাকত খেলতে, কিন্তু আমি বলতে পারতাম না যে আমি কাজ করতে যাচ্ছি। পরিবারকে সহায়তা করাটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।”
বর্তমানে বিক্রান্ত মনে করেন, জীবনের সেই কঠিন সময়ই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।
অভিনেতাকে শিগগিরই ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’ সিরিজে দেখা যাবে। এটি ওটিটিতে নির্মাতা রাজকুমার হিরানির অভিষেক প্রকল্প। সিরিজটি ৩ জুলাই জিও হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এইচএমজে

entertainment desk
© 2026 Daily Destiny. All rights reserved.






