আন্তর্জাতিক বাজারে কমছে তেলের দাম

ছবি: সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ কারিগরি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া গেছে। এই আলোচনার ফলে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহের ঝুঁকি কমে আসবে—এমন প্রত্যাশা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বৃহস্পতিবার (২জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দোহায় আলোচনার অগ্রগতি সংবাদের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে এসেছে।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, গত লেনদেনেও উভয় বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।
কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই কারিগরি আলোচনা বেশ ইতিবাচক দিকে এগোচ্ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে এই আলোচনার সফলতা তেলের বাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা কমাতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.






