দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।

রোববার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

সবশেষ তথ্য অনুযায়ী, ২৫ জুনের তুলনায় গ্রস রিজার্ভ এবং বিপিএম-৬—উভয় হিসাবেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

এজেএ