ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ছবি: সংগৃহীত
বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার জন্য ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
সংস্থাটির নির্বাহী পরিচালক বোর্ড ২৪ জুন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে এই ঋণ অনুমোদন করে।
‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক এ প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে সংস্কার, আমানত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক-এর তদারকি সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় আমানত সুরক্ষা তহবিল শক্তিশালী করা, জরুরি তারল্য সহায়তা কাঠামো তৈরি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে উচ্চ খেলাপি ঋণ, দুর্বল শাসনব্যবস্থা ও মূলধন সংকটসহ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব সমস্যা মোকাবেলায় এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান ডিভিশনের পরিচালক জঁ পেসমে বলেন, একটি স্থিতিশীল আর্থিক খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। এই প্রকল্প ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।
এছাড়া প্রকল্পের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল সক্ষমতা, সাইবার নিরাপত্তা এবং তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও উন্নত করা হবে বলে জানানো হয়েছে।
এইচএমজে

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.






