ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিনের পানিবদ্ধতার প্রতিবাদে এক ব্যতিক্রমী ও প্রতীকী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মাঠের জমে থাকা হাঁটু সমান পানিতে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ জানানো হয়।

সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই মাঠটি জলমগ্ন হয়ে পড়ে। দিনের পর দিন এই পানি জমে থাকায় সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চা ও খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মাছ অবমুক্তকরণ কর্মসূচি নিয়ে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বারবার বাজেট সংকটের কথা বলা হয়। অথচ মাঠটি সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ইতোমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এত অর্থ বরাদ্দ পাওয়ার পরও প্রশাসনের উদাসীনতায় মাঠের কোনো দৃশ্যমান উন্নয়ন বা সংস্কার কাজ শুরু হয়নি।"

তিনি আরও বলেন, এই জলাবদ্ধতা নিরসন এবং মাঠটিকে দ্রুত খেলার উপযোগী করার দাবি জানাতেই তারা এই প্রতীকী কর্মসূচির আয়োজন করেছেন।

উল্লেখ্য, এর আগে একই ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে ছয় মাস পার হলেও এসি চালু না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছিল। একের পর এক উন্নয়ন ও সংস্কারমূলক কাজে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে সরব হয়ে উঠছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

জেএস