বাউফলে অসহায়দের হাতে চেক ও ঘর নির্মাণের সামগ্রী তুলে দিলেন এমপি মাসুদ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “মানুষের দুর্দিনে তাদের পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে বাউফলের জন্য কাজ করে যাব।”
বুধবার (২৯ জুলাই) দুপুরে বাউফল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুদান বিতরণকালে ড. মাসুদ বলেন, “১০ হাজার টাকা হয়তো খুব বড় কিছু নয়, তবে জরুরি প্রয়োজনে এটি কিছুটা হলেও মানুষের উপকারে আসবে।” এ সময় তালিকা প্রণয়নে কোনো দলীয় বিবেচনা করা হয়নি উল্লেখ করে তিনি জানান, প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্তরাই অগ্রাধিকার পেয়েছেন। দেশ ও জনগণের উন্নয়নে রাজনৈতিক বিভেদ ভুলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে চেক, টিন ও নগদ অর্থ তুলে দেন।
জেএস

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










